মথি ১
১আব্রাহামের সন্তান দাউদের সন্তান যীশু খ্রিষ্টের বংশাবলি।
২আব্রাহামের পুত্র ইস্হাক, ইস্হাকের পুত্র যাকোব, যাকোবের পুত্র যিহূদা ও তাঁর ভাইয়েরা।
৩যিহূদার পুত্র তামরের গর্ভজাত পেরস ও সেরহ; পেরসের পুত্র হিষ্রোণ; হিষ্রোণের পুত্র অরাম;
৪অরামের পুত্র অম্মীনাদব; অম্মীনাদবের পুত্র নহশোন; নহশোনের পুত্র সল্মোন;
৫সল্মোনের পুত্র রাহবের গর্ভজাত বোয়স; বোয়সের পুত্র রূতের গর্ভজাত ওবেদ; ওবেদের পুত্র যিশয়;
৬যিশয়ের পুত্র দাউদ রাজা। দাউদের পুত্র ঊরিয়ের পত্নীর গর্ভজাত সলোমন;
৭সলোমনের পুত্র রহবিয়াম; রহবিয়ামের পুত্র অবিয়; অবিয়ের পুত্র আসা;
৮আসার পুত্র যিহোশাফট; যিহোশাফটের পুত্র যিহোরাম; যিহোরামের পুত্র উষিয়;
৯উষিয়ের পুত্র যোথম; যোথমের পুত্র আহস; আহসের পুত্র হিষ্কিয়;
১০হিষ্কিয়ের পুত্র মনঃশি; মনঃশির পুত্র আমোন; আমোনের পুত্র যোশিয়;
১১যোশিয়ের পুত্র যিকনিয় ও তাঁর ভাইয়েরা, বাবিলে নির্ব্বাসনের সময়ে।
১২বাবিলে নির্ব্বাসনের পরে, যিকনিয়ের পুত্র শল্টীয়েল; শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল;
১৩সরুব্বাবিলের পুত্র অবীহূদ; অবীহূদের পুত্র ইলীয়াকীম; ইলীয়াকীমের পুত্র আসোর;
১৪আসোরের পুত্র সাদোক; সাদোকের পুত্র আখীম; আখীমের পুত্র ইলীহূদ;
১৫ইলীহূদের পুত্র ইলীয়াসর; ইলীয়াসরের পুত্র মত্তন; মত্তনের পুত্র যাকোব;
১৬যাকোবের পুত্র যোসেফ; ইনি মরিয়মের স্বামী; এই মরিয়মের গর্ভে যীশুর জন্ম হল, যাঁহাকে খ্রিষ্ট বলে।
১৭এই প্রকারে আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত সর্বশুদ্ধ চৌদ্দ পুরুষ; দাউদ থেকে বাবিলে নির্ব্বাসন পর্যন্ত চৌদ্দ পুরুষ; বাবিলে নির্ব্বাসন থেকে খ্রিষ্ট পর্যন্ত চৌদ্দ পুরুষ।
১৮যীশু খ্রিষ্টের জন্ম এই প্রকারে হল। তাঁর মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগ্দত্তা হলে, তাঁদের সহবাসের পূর্বে দেখা গেল, তাঁর গর্ভ হয়েছে — পবিত্র আত্মা থেকে।
১৯তাঁর স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে এবং তাঁকে সাধারণের কাছে দৃষ্টান্ত দিতে অনিচ্ছুক হয়ে, গোপনে ত্যাগ করতে মনস্থ করলেন।
২০কিন্তু তিনি এই বিষয় চিন্তা করছেন, দেখ, প্রভুর এক দূত স্বপ্নে তাঁকে দর্শন দিয়ে বললেন, যোসেফ, দাউদ-সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় করো না, কারণ তাঁর গর্ভে যা জন্মেছে, তা পবিত্র আত্মা থেকে হয়েছে।
২১আর তিনি পুত্র প্রসব করবেন, এবং তুমি তাঁর নাম যীশু রাখিবে; কারণ তিনিই নিজ প্রজাদিগকে তাদের পাপ থেকে ত্রাণ করবেন।
২২এই সমস্ত ঘটিল, যেন প্রভু কর্তৃক ভাববাদীর দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়,
২৩“দেখ, সেই কুমারী গর্ভবতী হবে, এবং পুত্র প্রসব করবে, আর তাঁর নাম রাখা যাবে ইম্মানূয়েল”; অনুবাদ করলে এর অর্থ, ‘আমাদের সঙ্গে ঈশ্বর’।
২৪পরে যোসেফ নিদ্রা থেকে উঠে, প্রভুর দূত তাঁকে যেমন আজ্ঞা করেছিলেন, সেইরূপ করলেন, নিজ স্ত্রীকে গ্রহণ করলেন;
২৫আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করলেন, সে পর্যন্ত তিনি তাঁর পরিচয় নিলেন না; এবং তিনি তাঁর নাম যীশু রাখলেন।