মথি ২
১যীশু হেরোদ রাজার সময়ে যিহূদিয়ের বেথলেহেমে জন্মালে পর, দেখ, পূর্বদেশ থেকে কএকজন পণ্ডিত জেরুজালেমে এসে বললেন,
২যিহূদীদের যে রাজা জন্মেছেন, তিনি কোথায়? কারণ পূর্বদেশে তাঁর তারা দেখে আমরা তাঁকে প্রণাম করতে এসেছি।
৩এ শুনে হেরোদ রাজা উদ্বিগ্ন হলেন, এবং তাঁর সঙ্গে সমস্ত জেরুজালেমও।
৪আর তিনি লোকদের সমস্ত প্রধান যাজক ও অধ্যাপকগণকে একত্র করে তাদের জিজ্ঞাসা করলেন, খ্রিষ্ট কোথায় জন্মিবেন?
৫তারা তাঁকে বলল, যিহূদিয়ের বেথলেহেমে; কারণ ভাববাদীর দ্বারা এইরূপ লেখা আছে,
৬‘আর তুমি, হে বেথলেহেম, যিহূদা দেশের, যিহূদার অধ্যক্ষবর্গের মধ্যে কোন ক্রমে ক্ষুদ্রতম নও; কারণ তোমা থেকে এক অধ্যক্ষ উৎপন্ন হবেন, যিনি আমার প্রজা ইস্রায়েলকে চরাইবেন।’
৭তখন হেরোদ সেই পণ্ডিতদিগকে গোপনে ডাকাইয়া তাদের কাছে যত্ন পূর্বক জেনে নিলেন, কোন্ সময়ে সেই তারা দৃষ্টিগোচর হয়েছিল।
৮পরে তিনি তাদের বেথলেহেমে পাঠাইয়া দিয়ে বললেন, তোমরা গিয়ে বিশেষরূপে সেই বালকটির অনুসন্ধান কর; দেখা পেলে আমাকে সংবাদ দিও, যেন আমিও গিয়ে তাঁকে প্রণাম করি।
৯রাজার কথা শুনে তারা চলে গেলেন; আর দেখ, তারা পূর্বদেশে যে তারা দেখেছিলেন, তা তাঁদের অগ্রে অগ্রে চলল, শেষে যেখানে শিশুটি ছিলেন, তার উপরে এসে স্থগিত হল।
১০তারাটি দেখে তাঁরা মহানন্দে অতিশয় আনন্দিত হলেন।
১১পরে তাঁরা ঘরের মধ্যে গিয়া শিশুটিকে তাঁর মাতা মরিয়মের সঙ্গে দেখতে পেলেন, এবং ভূমিতে পড়ে তাঁকে প্রণাম করলেন; আর নিজাদের ধনপাত্র খুলে তাঁকে স্বর্ণ, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন।